দুর্গাপুরে বাঁধের ফাঁদেগ্রাম-পানিবন্দি কৃষক ও আদিবাসী পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:্নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ফান্দা গ্রামে পাহাড়ি ঢলের পানির স্বাভাবিক প্রবাহ আটকে একটি বাঁধ নির্মাণ করায় বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। টানা তিনদিন ধরে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক ও আদিবাসী পরিবারগুলো। দ্রুত বাঁধ কেটে পানি নিষ্কাশনের দাবি জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ফান্দা গ্রামের মেনকিফান্দা এলাকার একটি চড়ার ওপর বাঁধ দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি বৃষ্টির পানি আটকে রাখা হয়েছে। এতে পানির স্বাভাবিক নিষ্কাশন পথ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকা দ্রুত পানিতে তলিয়ে পড়ে।
এর ফলে ফান্দা গ্রামের বহু বসতবাড়ি এবং বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে চলে গেছে। জমিতে থাকা ধান, শাকসবজি ও অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা তিনদিন ধরে এলাকায় পানি জমে থাকলেও এখন পর্যন্ত বাঁধ নির্মাণের সঙ্গে জড়িতরা তা কাটার কোনো উদ্যোগ নেয়নি। এতে করে কৃষকদের ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে।
পানিবন্দি হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে অসংখ্য আদিবাসী পরিবার রয়েছে। ঘরবাড়ির চারপাশে পানি জমে থাকায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী কৃষকরা দ্রুত সমস্যার সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে আরও বিস্তীর্ণ ফসলি জমি ও বসতবাড়ি পানির নিচে তলিয়ে যেতে পারে।