দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি হাসানকে প্রাণনাশের হুমকি, অফিসে হামলা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েবের ঘটনায় তিনজনকে আসামি করে নেত্রকোণা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নেত্রকোণা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বিঘ্ন সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। দ্রুত বিচার মামলা সি আর নং-৮(১)/২৬। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নুসরাত জাহান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন—দুর্গাপুর উপজেলার বালিচান্দা গ্রামের বাছির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, দেশওয়ালীপাড়া গ্রামের অখিল সাহার ছেলে পলাশ সাহা এবং কাচারিমোড় এলাকার রইছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের তিন সদস্য সভাপতি কলি হাসানকে অফিস কক্ষে অশ্লীল ভাষায় গালাগালি ও মারধরের চেষ্টা করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে একই দিন রাত পৌনে ৯টার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে সভাপতির ব্যবহৃত নেমপ্লেট ভাঙচুর করা হয় এবং জি.আর চাল বিক্রির প্রায় ৩৫ হাজার টাকা নগদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সমিতির মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সকল সদস্যকে অবহিত করা হলেও ঘটনার কোনো সমাধান হয়নি।

ভুক্তভোগী দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি হাসান বলেন, আমি দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হই। নির্বাচনের পর থেকেই পরাজিত একটি পক্ষ বর্তমান কমিটিকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।