দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাঙচুর, সভাপতির ব্যবহৃত নেমপ্লেট ভাঙা এবং নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী কলি হাসান, সভাপতি, দুর্গাপুর সাংবাদিক সমিতি জানান—গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। মাসিক সাধারণ সভা শেষে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কয়েকজন সদস্য তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে অশ্লীল ভাষায় গালাগালি ও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, সেদিন রাত আনুমানিক  ৯টার দিকে অফিসে গিয়ে দেখেন তার ব্যবহৃত নেমপ্লেট ভাঙা এবং জি.আর চাল বিক্রির ৩৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নেই। ঘটনার পরপরই সমিতির মেসেঞ্জার গ্রুপে বিষয়টি অবহিত করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, দুর্গাপুর সাংবাদিক সমিতির ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন কলি হাসান। নির্বাচনের প্রায় পাঁচ দিন পর, ১৭ ডিসেম্বর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, নির্বাচনের পর থেকেই পরাজিত একটি পক্ষ বর্তমান কমিটিকে নানাভাবে বিতর্কিত ও বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে আসছিল

এ বিষয়ে কলি হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। নির্বাচন-২০২৫ এ সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গত ২৮ ফেব্রুয়ারির ঘটনাটি পরিকল্পিত। আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঘটনার পর তিনি দুর্গাপুর থানা-এ একটি সাধারণ ডায়েরি করেন। জিডির সত্যতা নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আবেদনের প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ বিরাজ করছে। দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।