পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:নেত্রকোণার পূর্বধলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মহামান্য হাইকোর্টের নির্দেশে স্বপদে বহাল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।
জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত পৃথক তিনটি আদেশের মাধ্যমে তাঁদের পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়। হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন—পূর্বধলা উপজেলার ৫ নম্বর ধলামুলগাঁও ইউনিয়নের মো. রেজুয়ানুর রহমান, ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের কমল কৃষ্ণ সরকার এবং ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের মো. আব্দুল কুদ্দুছ বেপারী।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা এবং হাইকোর্টের রায়ের আলোকে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগ সংক্রান্ত আদেশগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান বলেন, হাইকোর্টের নির্দেশনা ও স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে এবং জনসেবা আরও গতিশীল হবে।
এ সংক্রান্ত আদেশের অনুলিপি অবগতির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের সহকারী কমিশনার (গোপনীয়) অন্তর্ভুক্ত রয়েছেন।
