পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান।

 গত ১৬ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও বদলি হওয়ার পর থেকে তিনি অত্যন্ত সুনামের সাথে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একসাথে দুটি গুরুত্বপূর্ণ পদের গুরুদায়িত্ব সফলভাবে সামলানো এবং উপজেলার সার্বিক প্রশাসনিক কাজে গতিশীলতা বজায় রাখায় পূর্বধলাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাসনীম জাহান উপজেলার প্রশাসনিক কাজকর্মে এক অভূতপূর্ব গতি এনেছেন। উপজেলার বিভিন্ন দপ্তরের যাবতীয় কাজ স্থবিরতা ছাড়াই নিয়মিত ও যথা সময়ে সম্পন্ন করছেন তিনি।

 দুই পদের বিশাল কাজের চাপের মাঝেও তিনি সরকারি নীতিমালা কঠোরভাবে বজায় রাখছেন। উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং বাজার মনিটরিং নিশ্চিত করতে তিনি প্রতিনিয়তই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করছেন। সরকারি নির্দেশনা অমান্যকারী ও আইন লঙ্ঘনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনে উপজেলার বাজার ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখছেন।

শুধু প্রশাসনিক রুটিন ওয়ার্কেই সীমাবদ্ধ নন এই কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অত্যন্ত সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন এবং অত্যন্ত সুনামের সাথে ২৬শে মার্চের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের যাবতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।

এ ছাড়া তিনি পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারের নানা উন্নয়নমূলক কাজ সরেজমিনে তদারকি করছেন। বিশেষ করে, উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলোর সার্বিক খোঁজ-খবর নেওয়া এবং এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মতো মানবিক উদ্যোগগুলো সুধী সমাজের নজর কেড়েছে।

একদিকে এসিল্যান্ডের দাপ্তরিক কাজ ও ভূমিহীনদের সেবা নিশ্চিত করা, অন্যদিকে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে পুরো উপজেলার আইনশৃঙ্খলা, সরকারি নীতিমালার বাস্তবায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করা—দুটি কঠিন কাজ একসাথে সমান দক্ষতায় চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই অক্লান্ত পরিশ্রম, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জনকল্যাণমুখী ভূমিকার কারণে পূর্বধলার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাসনীম জাহানের মতো একজন কর্মঠ, নিয়মানুবর্তী ও মানবিক কর্মকর্তা পেয়ে পূর্বধলার সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। দায়িত্বের প্রতি তার এই একাগ্রতা আগামী দিনগুলোতে পূর্বধলা উপজেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।