নেত্রকোণার পূর্বধলায় অভিনব কৌশলে জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা বহনের সময় মামা-ভাগ্নে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৪ মে) সন্ধ্যা ছয়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা এলাকায় ডিএনসির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭৫০ পিস অ্যামফিটামিনজাত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তির জুতার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. রমজান আলী (৩২)। তাদের মধ্যে হাবিবুর রহমান মামা এবং রমজান আলী ভাগ্নে বলে জানা গেছে।
সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে বহনের এ পদ্ধতি তারা ব্যবহার করছিলেন।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে সংস্থাটি। একই সঙ্গে সমাজকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
