মোঃ নূরে আলম চন্দন স্টাফ রিপোর্টার : আবার ফিরবে তারুণ্যের কোলাহল, মুখরিত হবে চেনা সেই করতালিতে—এমনই এক বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ক্রীড়াঙ্গনকে নতুন করে জাগিয়ে তুলতে এক অনন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ক্রীড়া সংগঠনগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে স্থানীয় ক্রীড়াপ্রেমী, সংগঠক ও প্রাণোচ্ছল খেলোয়াড়দের সাথে এই হৃদয়ের বন্ধনে মিলিত হন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তার।
সভায় পূর্বধলার ক্রীড়াঙ্গনের প্রতিটি কোণ থেকে ছুটে এসেছিলেন খেলাধুলাকে ভালোবেসে বুক বেঁধে রাখা একঝাঁক মানুষ। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রাণপুরুষেরা সংসদ সদস্যের কাছে তাদের দীর্ঘদিনের চাওয়া ও প্রাণের আকুতি তুলে ধরেন। তারা আবেগঘন কণ্ঠে জানান, খেলাধুলার প্রতি অদম্য ভালোবাসা থাকা সত্ত্বেও শুধু উপযুক্ত পরিকাঠামোর অভাবে এখানকার তরুণরা তাদের প্রতিভা বিকশিত করতে পারছে না। এ সময় তারা পূর্বধলায় একটি বিশাল বড় খেলার মাঠের জোরালো দাবি জানান। একই সাথে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে আবার প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে এবং তরুণদের সচ্ছলভাবে খেলার সুযোগ করে দিতে আধুনিক ক্রীড়াসামগ্রী প্রদানের জোর আকুতি জানান।
ক্রীড়াপ্রেমীদের এই প্রাণের দাবি ও আবেগ স্পর্শ করে সংসদ সদস্য মানসুরা আক্তারকেও। তিনি অত্যন্ত পরম মমতায় ও আশার বাণী শুনিয়ে সবাইকে আশ্বস্ত করেন। যুবসমাজকে মাদক, মুঠোফোনের আসক্তি ও অপসংস্কৃতির অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি পূর্বধলার ক্রীড়াঙ্গনকে নিজের সর্বোচ্চ দিয়ে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
উপস্থিত সবার উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্যে এমপি মানসুরা আক্তার বলেন,আমি একা নই, আপনাদের সবার সার্বিক সহযোগিতা ও ভালোবাসা নিয়ে পথ চলতে চাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় মাঠের ধুলো উড়িয়ে পূর্বধলাকে ক্রীড়াঙ্গনে দেশের বুকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে এই উপজেলাকে একটি সুন্দর মডেল হিসেবে গড়ে তুলবো।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়, তরুণ সমাজ ও স্থানীয় ক্রীড়ানুরাগীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংসদ সদস্যের এমন আন্তরিক আশ্বাস ও ভালোবাসায় পূর্বধলার ক্রীড়ামোদীদের চোখে-মুখে এখন নতুন দিনের স্বপ্নের আলো ঝলমল করছে।
