মোঃ নূরে আলম চন্দন, স্টাফ রিপোর্টার:নেত্রকোনার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মানসুরা আক্তার যুব সমাজের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, "দেশকে এগিয়ে নিতে হলে তরুণ ও যুব সমাজকে সবার আগে জাগিয়ে তুলতে হবে। যুব সমাজকে শক্তিশালী ও দক্ষ করে গড়ে তুললেই দেশের ভিত্তি মজবুত হবে।" তিনি আরও বলেন, "যুব সমাজকে মাদক ও নেতিবাচক পথ থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণসহ মাঠপর্যায়ে খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে হবে। খেলাধুলার মাধ্যমেই আমরা একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ উপহার দিতে পারব।"
সভায় প্রধান আলোচক হিসেবে অত্যন্ত সুনির্দিষ্ট ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান।
বক্তব্যে শহীদুল্লাহ ইমরান পূর্বধলাকে একটি আধুনিক ও 'ডিজিটাল পূর্বধলা' হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি পুরো উপজেলাকে সম্পূর্ণ চাঁদামুক্ত, মাদক মুক্ত এবং দুর্নীতিমুক্ত করতে 'জিরো টলারেন্স' ঘোষণা করেন। তিনি বলেন, "পূর্বধলার প্রতিটি জনপদকে অন্যায়-অপরাধমুক্ত করে আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছি, যাতে দেশনায়ক তারেক রহমানের হাত আরও শক্তিশালী হয়।"
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— বিএনপি নেতা আব্দুর রাশিদ শেখ, ডা. আব্দুল লতিফ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, ফরহাদ খান, রিপন মাহমুদ ও আসাদুজ্জামান ডানোসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
