দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার শফিকুল ইসলাম পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কদ্দুছ বেপারীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আমদানি নিষিদ্ধ মদের একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই মো. নূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। সোমবার দুপুর পৌনে ২টার দিকে দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।


দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

​এদিকে পুলিশ জানায়, গ্রেপ্তারের পর শফিকুলকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।