বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোণা সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আটপাড়া-কেন্দুয়া আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুসহ জেলা বিএনপি, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
