দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে এক বিএনপি নেতার বিরুদ্ধে মানুষের অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও দলীয় প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তারের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ ও এলাকাবাসী।

আজ (মঙ্গলবার) দুপুর ৩ ঘটিকায় বিরিশিরি ইউনিয়নের ঐতিহ্যবাহী কাপাশকাটিয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বিরিশিরি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বারেকান্দি গ্রামের বাসিন্দা মোঃ খায়রুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। 

 স্থানীয়দের বক্তব্য থেকে জানা যায়, অভিযুক্ত খায়রুল ইসলাম শহীদ পরিবার এবং বিএনপি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় অনৈতিকভাবে আধিপত্য বিস্তার ও ব্যাপক অব্যবস্থাপনা সৃষ্টি করছেন। তাঁর এসব কর্মকাণ্ডের ফলে উপজেলার সামগ্রিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।


মানববন্ধনে বক্তব্য প্রদানকালে ভুক্তভোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত নেতা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। পাওনা টাকা ফেরত চাইলে উল্টো রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

সমাবেশে বক্তারা ভুক্তভোগীদের কষ্টার্জিত পাওনা টাকা যথাসময়ে ফেরত পাওয়ার সুনির্দিষ্ট ব্যবস্থা করতে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


ভুক্তভোগী সাধারণ জনগণ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিপুল সংখ্যক ভুক্তভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।