পূর্বধলায় নবাগত ইউএনও’র সাথে শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির সৌজন্য সাক্ষাৎ: মাদক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা গড়ার অঙ্গীকার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবাগত ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মতবিনিময়কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান বলেন, “আমরা পূর্বধলাকে একটি সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে দেখতে চাই। পূর্বধলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে আমাদের দলের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও সামাজিক কাজে সার্বিক সহযোগিতা করা হবে।”

তিনি আরও বলেন, পূর্বধলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলোর স্থায়ী সমাধানে প্রশাসন, রাজনৈতিক দলসহ সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নবাগত ইউএনও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দ উপজেলার প্রধান প্রধান নাগরিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে উপজেলার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

নবাগত ইউএনও শফিকুল ইসলাম নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি কমাতে সম্পূর্ণ নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

নেতৃবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “আপনারা যদি আমাকে সার্বিক সহযোগিতা করেন, তবে এই পূর্বধলা উপজেলাকে আমি একটি মডেল পূর্বধলা হিসেবে গড়ে তুলব। আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। ইনশাআল্লাহ, সকলের সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমরা পূর্বধলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করব।” তিনি প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি কমাতে সম্পূর্ণ দায়িত্বশীলভাবে কাজ করারও আশ্বাস দেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।