বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সর্বদা প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেছে নেত্রকোণার পূর্বধলা উপজেলা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

আজ রবিবার (৭ জুন) বিকেল ৫ ঘটিকায় উপজেলা যুবদলের উদ্যোগে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয়। মিছিলটি জামতলা মোড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বধলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদারের সভাপতিত্বে এবং অপর যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানোর সঞ্চালনায় সমাবেশে বক্তারা পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বকে সামনে রেখে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা তুলে ধরেন।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সর্বদাই পূর্বধলার এই কমিটি প্রস্তুত রয়েছে। যেকোনো আন্দোলন, সংগ্রাম ও রাজপথের লড়াইয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো—এই প্রত্যয় নিয়েই আমরা মাঠে কাজ করে যাচ্ছি।

বক্তারা আরও বলেন, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ ইমরানের হাত ধরে আমরা রাজনীতি করব এবং তাঁরই নির্দেশনায় পূর্বধলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। দলের যেকোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব এবং রাজপথে ঐক্যবদ্ধ থেকে সব কর্মসূচি সফল করব।

সভাপতির বক্তব্যে ফিরোজ তালুকদার বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটি তৃণমূলের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা পূর্বধলার অভিভাবক শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ নয়ন, শাহজাহান, নয়ন মিয়া, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম গাফ্ফার, মানিক, হক মিয়া, লাক মিয়া, দেলোয়ার, শফিকুল, মাইনুদ্দিন, আতাউর, খাইরুল, সুমন, সায়েদুল, ডালিম, মঞ্জু, উজ্জ্বল, রনি, অপু, জহিরুল, সজিব, বেলাল, মতিউরসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।