পূর্বধলার (নেত্রকোনা) প্রতিনিধি :নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা সৃষ্টি ও নাশকতার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে উপজেলা সদরের স্টেশন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ তোরণগুলো প্রদক্ষিণ করে এক উত্তাল জনসমুদ্রে পরিণত হয়। পরে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের দিকনির্দেশনায় ও সুসংগঠিত নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। সমাবেশে উপস্থিত বক্তা ও তৃণমূলের নেতাকর্মীরা এ এস এম শহীদুল্লাহ ইমরানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সংহতি প্রকাশ করেন।

নেতাকর্মীরা স্পষ্ট ভাষায় আশ্বাস দিয়ে বলেন, যেকোনো ধরনের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক সংকট মোকাবেলায় তারা রাজপথের লড়াকু সৈনিক এ এস এম শহীদুল্লাহ ইমরানের পাশে অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন। শহীদুল্লাহ ইমরানের এক ডাকে পূর্বধলা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে রাজপথে নামতে প্রস্তুত। যেকোনো অপশক্তি বা ফ্যাসিবাদী চক্রান্ত রুখে দিতে তারা অতীতেও রাজপথে ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও সবসময় রাজপথেই থাকবেন।

সমাবেশে বক্তারা আরও ঘোষণা করেন, পরিচ্ছন্ন ও তারুণ্যের অহংকার এ এস এম শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে আগামী দিনে পূর্বধলা উপজেলাকে একটি আধুনিক, মডেল এবং সম্পূর্ণ ‘মাদক মুক্ত’ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও কর্মসূচি প্রতিহত করতে পূর্বধলা বিএনপি শহীদুল্লাহ ইমরানের একক নেতৃত্বে সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী সরকার, যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাশিদ শেখ, বিএনপি নেতা ফরহাদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান প্রমুখ।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে ব্যানার-ফেস্টুনসহ দলে দলে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।