নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার বিরুদ্ধে মিছিলে প্রত্যক্ষ মদদ ও পরিকল্পনার অভিযোগ তুলেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাদ্যগুদাম রোড মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলীয় নেতাকর্মীরা স্বৈরাচারবিরোধী ও নাশকতাবিরোধী বিভিন্ন গণসংগীত পরিবেশন করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রত্যক্ষ পরামর্শ ও মদদেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তার বাড়ির সামনে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখিয়েছে।
তিনি বলেন, জামায়াত এমপির পরিকল্পনা ও যোগসাজশ ছাড়া তার বাড়ির সামনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কীভাবে মিছিল করল, তা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত পূর্বধলার মাটিতে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা মেনে নেওয়া হবে না। যারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পূর্বধলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
