দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দিনব্যাপী নানা সেবামূলক ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৪ জুলাই) আয়োজিত কর্মসূচিতে আনুষ্ঠানিকতার পাশাপাশি মানবিক উদ্যোগগুলোই ছিল সবচেয়ে আকর্ষণীয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় একটি মসজিদে অবস্থানরত তাবলিগ জামাতের সদস্যদের মাঝেও খাবার বিতরণ করা হয়।
আয়োজকদের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়ায়।
বিকেলে পূর্বধলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নেত্রকোনায় এনটিভির করেসপন্ডেন্ট এস এম ওয়াদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন ও আনোয়ারুল ইসলাম আনার, সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, বর্তমান সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এবং দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি অলি হাসান কলি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সঠিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি দীর্ঘদিন ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ধারা বজায় থাকবে বলে আমি আশাবাদী।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনটিভি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আলোচনা সভা শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং দিনব্যাপী সেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
