মোঃ নূরে আলম চন্দন স্টাফ রিপোর্টার:নেত্রকোণা জেলায় অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরাসরি সরজমিনে পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নিজেই বিভিন্ন পরীক্ষা কক্ষে যান এবং পরীক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সার্বিক খোঁজ-খবর নেন। শিক্ষার্থীরা কোনো প্রকার মানসিক চাপে রয়েছে কি না কিংবা পরীক্ষা হলের পরিবেশ নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না—তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে তা জানতে চান। এছাড়া, কেন্দ্রগুলোতে স্বচ্ছতা বজায় রাখতে স্থাপিত সিসি ক্যামেরা (CCTV) এবং এর কার্যকারিতা নিবিড়ভাবে তদারকি করেন তিনি।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও প্রশাসনের তৎপরতা নিয়ে নেত্রকোণার জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান বলেন,নেত্রকোণা জেলার প্রতিটি উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে তৎপর রয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভয়-ভীতি বা মানসিক চাপ ছাড়া, সম্পূর্ণ নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে—আমরা সেটাই নিশ্চিত করছি। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের স্বাভাবিক মনোযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে, জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি সুষ্ঠু, সুন্দর ও শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও এই ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের মিডিয়া সেল নিশ্চিত করেছে।
