নেত্রকোনার পূর্বধলা উপজেলার পানিবন্দি মানুষের দুর্ভোগ নিয়ে লাইভ সম্প্রচারের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। লাইভ প্রচারের মাত্র ১৬ ঘণ্টার মাথায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষেই কোনো বিলম্ব না করে পানিবন্দি অসহায় মানুষদের খোঁজখবর নিতে সশরীরে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক পানি বৃদ্ধি ও মানুষের দুর্ভোগের চিত্র এনটিভি অনলাইনে বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রশাসনের নজরে আসার পরপরই জরুরি সভা ডেকে দ্রুত দুর্গত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষ করেই ইউএনও শফিকুল ইসলাম, পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের প্রতিনিধি দল পানিবন্দি এলাকাগুলোতে ছুটে যান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তখন নৌকাযোগে প্লাবিত বিভিন্ন এলাকা এবং রাস্তাঘাট ঘুরে ঘুরে দেখেন এবং পানিবন্দি অসহায় মানুষদের সঙ্গে সরাসরি কথা বলেন।
প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ত্রাণ বিতরণ করা সম্ভব না হলেও, দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও সরকারি সহায়তা নিয়ে আসব। একই সঙ্গে জারিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটিও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। এনটিভি অনলাইনে খবরটি দেখার পর আমরা তাৎক্ষণিকভাবে দুর্গত এলাকা পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেছি। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, খুব দ্রুতই পানিবন্দি অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ত্রাণসামগ্রী পৌঁছানো হবে।
