নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম। জুন/২০২৬ মাসের ক্লু-লেস (রহস্যবৃত) মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারে বিশেষ অবদান রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।

১৪ জুলাই (মঙ্গলবার) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই বিশেষ পুরস্কার, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, জুন-২০২৬ মাসের জেলা পুলিশের অপরাধ দমন, সার্বিক মূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমের ওপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়। সাহসিকতা ও দক্ষতার সাথে জটিল মামলার জট খোলার স্বীকৃতিস্বরূপ পূর্বধলা থানার এই চৌকস পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত ও সম্মানিত করা হয়।

পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্তের মান উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি-ডাকাতি রোধ ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ দমনে গৃহীত কার্যক্রমের ওপর বিস্তারিত পর্যালোচনা করেন। একই সাথে অপরাধ দমন ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে আরও তৎপর হওয়ার জন্য প্রয়োজনীয় ও কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম বলেন,যেকোনো কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কর্মস্পৃহাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি চির কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, যাঁদের সুযোগ্য দিকনির্দেশনায় আমি এই গৌরব অর্জন করেছি।এই সম্মাননা আমার পেশাগত দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। আগামী দিনে নিজেকে আরও দক্ষ করে তোলার পাশাপাশি মাঠপর্যায়ে সাধারণ জনগণের সাথে সর্বোচ্চ মানবিক ও পেশাদার আচরণ বজায় রাখাই হবে আমার মূল লক্ষ্য। জেলার সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সুসমন্বয় রেখে, দেশ ও জনগণের সেবায় আমি যেন ভবিষ্যতেও আরও অনন্য কাজ উপহার দিতে পারি—এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন,পুলিশের মূল দায়িত্বই হলো সততা ও পেশাদারিত্বের সাথে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। নেত্রকোণা জেলা পুলিশে যারা কর্মক্ষেত্রে এমন অনন্য গতি ও দক্ষতার পরিচয় দেবেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাদের নিয়মিত সম্মাননা ও পুরস্কৃত করা হবে। এই পুরস্কার অন্যদেরও দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। আমি আশা করি, প্রতিটি অফিসার আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও আন্তরিকভাবে কাজ করবেন।