পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:নেত্রকোণা পূর্বধলা উপজেলার ২নং হোগলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি এবং স্থানীয় ব্যবসায়ী মোঃ ইদ্রিছ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী ইদ্রিছ আলী বলেন, বিগত ১৭ বছর ধরে তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও নানা নির্যাতনের শিকার হয়ে আসছেন। বিগত সরকারের আমলে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে বর্তমানে তিনি মাছ ব্যবসা করে কোনোমতে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ইদ্রিছ আলী হোগলা বাজারে মাছ বিক্রি শেষে নগদ ১৯,৫১০ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। সাধুপাড়া বাজারের একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাঁর পথরোধ করে।

সন্ত্রাসীরা তাঁকে মোটরসাইকেল থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাঁর সাথে থাকা মাছ বিক্রির নগদ টাকা এবং আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইদ্রিছ আলী। অভিযুক্তরা হলেন— মোঃ মোশারফ হোসেন (৩০), মোঃ মাজেদ আলী (৩২), মোঃ সাগর মিয়া (৩০), মোঃ সারোয়ার হোসেন (৪০), মোঃ সোহাগ মিয়া (৪০), মোঃ বাচ্চু মিয়া (৪০) এবং মোঃ সোহেল মিয়া (৪৫)।

 অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন, আমাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই কাল্পনিক অভিযোগ তোলা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,উক্ত ঘটনার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।