পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী আগিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ডিজিটাল সেন্টারের সাবেক সফল উদ্যোক্তা সমর চন্দ্র সরকার। তিনি ইতিমধ্যেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ জোরদার করেছেন এবং সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।

​এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে সমর চন্দ্র সরকার বলেন,আমি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের আগিয়া ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হতে পারলে ইউনিয়নের অসম্পূর্ণ সকল উন্নয়নমূলক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব।

তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই হবে তাঁর মূল কাজ। তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নয়, বরং আগিয়া ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষের সেবক হয়ে আজীবন পাশে থাকতে চান।

​স্থানীয় ভোটাররা জানান, সমর চন্দ্র সরকার একজন বিনয়ী, সৎ ও কর্মঠ মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। করোনাকালীন বিপর্যয়সহ যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতো একজন তরুণ ও উদ্যোমী নেতৃত্ব আগিয়া ইউনিয়নের উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সমর চন্দ্র সরকার বলেন,আমি জনগণের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই; আমি শুধু আপনাদের সেবা করার একটি সুযোগ চাই। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে আগিয়া ইউনিয়নের আপামর জনগণ আমার সততা ও সেবার মানসিকতাকে মূল্যায়ন করবেন।

তিনি ইউনিয়নের সকল মুরুব্বি, তরুণ, যুবক ও মা-বোনেদের কাছে তাঁর জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।