পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি থেকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে পূর্বধলা উপজেলা সদরের স্টেশন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, বিএনপি নেতা আব্দুল লতিফ রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনিছ আহামেদ প্রমুখ।

বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা বিএনপির নেতাকর্মীদের জন্য চিরদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং তাঁর রাজনৈতিক দর্শনকে সামনে রেখে পূর্বধলায় বিএনপিকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় এ এস এম শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলা বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। তাঁরা বলেন, শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে পূর্বধলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা হবে—ইনশাআল্লাহ।

নেতাকর্মীরা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের কল্যাণে সরকারের হাতকে শক্তিশালী করার অঙ্গীকারও ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বিএনপির নেতাকর্মীদের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সদর স্টেশন মসজিদের ইমাম ইসলাম উদ্দিন।