মোঃ নূরে আলম চন্দন স্টাফ রিপোর্টার: সু-পরিকল্পিত, সমৃদ্ধ ও ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নের মোড়ে মোড়ে, হাটে-বাজারে ও ঘরে ঘরে নিরলস গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শুভ আহমেদ। তিনি ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় রাজপথ ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দিন-রাত সমান করে সাধারণ মানুষ ও খেটে খাওয়া ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন তিনি। ইউনিয়নের অসম্পূর্ণ অবকাঠামোগত কাজ শেষ করা, চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের সেবা করা এবং এলাকার সর্বাঙ্গীণ সামাজিক ও শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।

গাঁওকান্দিয়া ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা ও কৃষি খাতের প্রসারে খাল-পাড় বাঁধাই এবং জরাজীর্ণ ব্রিজের সংস্কার অত্যন্ত জরুরি বলে মনে করেন শুভ আহমেদ। তিনি জানান, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য প্রতিটি প্রয়োজনীয় স্থানে নতুন ব্রিজ নির্মাণ এবং ভাঙন রোধে খাল-পাড়গুলো টেকসইভাবে নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা তাঁর রয়েছে, যাতে কৃষক ও সাধারণ মানুষ সহজে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।

এলাকার অসহায় ও অসচ্ছল পরিবারগুলোর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ মোঃ শুভ আহমেদ। দীর্ঘদিন ধরেই তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্যোগে অসুস্থ ও দরোজায় আসা মানুষের চিকিৎসায় আর্থিক ও মানবিক সহায়তা দিয়ে আসছেন। দিন হোক কিংবা রাত—যেকোনো বিপদে মানুষের পাশে ছুটে যাওয়াই তাঁর দিনলিপির মূল অংশ হয়ে দাঁড়িয়েছে।

ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ মাদ্রাসাসহ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষার মান বাড়ানো এবং ধর্মীয় ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগত উন্নয়নে কাজ করার বিষয়ে তিনি দৃঢ় প্রতিশ্রুতি করেন।

গণসংযোগকালে গণমাধ্যমকে মোঃ শুভ আহমেদ বলেন, “রাজনীতি আমার কাছে নিছক পদ-পদবির বিষয় নয়, এটি সরাসরি জনগণের সেবা করার একটি মহান দায়িত্ব। দীর্ঘদিনের আত্মিক টানেই আমি গাঁওকান্দিয়ার মানুষের পাশে আছি। ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার ব্যবহারের মাধ্যমে প্রতিটি নাগরিক সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে দুর্নীতি ও বৈষম্যহীন সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই গাঁওকান্দিয়া ইউনিয়নকে নেত্রকোণা জেলার সর্বশ্রেষ্ঠ ও মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করব, ইনশাআল্লাহ।

স্থানীয় সুশীল সমাজ ও তৃণমূলের নেতাকর্মীরা জানান, রাজনৈতিক প্রতিকূলতা ও সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে মোঃ শুভ আহমেদকে সবসময় পাশে পাওয়া গেছে। তাঁর এই মানবিক ও গতিশীল নেতৃত্বের কারণে সর্বস্তরের মানুষের মাঝে এক বিশেষ আস্থা ও ভালোবাসার সৃষ্টি হয়েছে। ইউনিয়নের সর্বাঙ্গীণ ইতিবাচক পরিবর্তন আনতেই সচেতন জনগণ তাঁকে আগামী নির্বাচনে বিজয়ী করতে একতাবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।