পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদারের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছায়েদ আল মামুন শহীদ ফকির।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও স্মৃতির কথা স্মরণ করে বলেন, আপসহীন নেত্রী হিসেবে তিনি আজীবন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়ন তরান্বিত হয়েছিল। দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর এই ত্যাগ ও সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম আনার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর, সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাজু আহমেদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং স্থানীয় নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মজিবর রহমান মন্ডল।