দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে ‘রিভার্স নিউজ’ নামের একটি বিতর্কিত ফেসবুক পেজ ও ফেক আইডির আড়ালে নীরব চাঁদাবাজি, ভুয়া তথ্য ছড়িয়ে ব্ল্যাকমেইলিং এবং সুসংগঠিত মাদক সিন্ডিকেট পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে শেখ শাহজাহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকা জুড়ে নিজেকে কথিত ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে প্রভাবশালী হিসেবে জাহির করা এই শাহজাহানের অপপ্রচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এমনকি পেশাদার সাংবাদিকরাও।
স্থানীয়দের অভিযোগ, দুর্গাপুর উপজেলায় সীমান্তভিত্তিক চোরাচালান ও সর্বপ্রকার মাদক কারবারের পেছনে মূল কলকাঠি নাড়ছেন এই শাহজাহান। এলাকার মাদক কারবারিদের থেকে নিয়মিত ‘মাসোহারা’ আদায়ের পাশাপাশি তিনি নিজেও এই অবৈধ ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক বা ‘মাদক সম্রাট’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ এনে ভুক্তভোগীরা জানান, শাহজাহান স্থানীয় বিএনপি রাজনীতির দাপট দেখিয়ে সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। তার মূল হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘রিভার্স নিউজ’ নামক বিতর্কিত পেজটি। কেউ তার অনৈতিক কাজ, মাদক ব্যবসা কিংবা চাঁদাবাজির প্রতিবাদ করলেই ওই পেজ এবং বিভিন্ন ফেক আইডি থেকে ভুক্তভোগীদের ছবি বিকৃত ও এডিট করে মনগড়া তথ্যসহ ফেসবুকে পোস্ট করা হয়।
এমনকি সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার ভয় দেখিয়ে তিনি নীরব চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। তার এই সুসংগঠিত ব্ল্যাকমেইলিং ও সাইবার আক্রমণের ভয়ে সাধারণ মানুষ তো বটেই, অনেক সময় স্থানীয় প্রশাসন ও সচেতন মহলও সরাসরি মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
বর্তমানে শাহজাহানের অপপ্রচারের কারণে দুর্গাপুর উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে অতিদ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ‘কথিত কনটেন্ট ক্রিয়েটর’ শেখ শাহজাহানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।
